মালয়েশিয়ায় বসবাসরত ও কর্মরত বাংলাদেশী প্রবাসীদের দেশটির আইন-কানুন মেনে চলা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন। এতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দেয়া নির্দেশনাগুলো অনুসরণ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়।

হাইকমিশনের পরামর্শে বলা হয়েছে, মালয়েশিয়ার আইন, বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা, স্থানীয় সাইবার আইন এবং সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। একই সঙ্গে দেশটির ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতিও সম্মান দেখাতে হবে।

পরিবার, বন্ধু ও স্বজনদের সঙ্গে যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থল-সংক্রান্ত কোনো তথ্য, ছবি কিংবা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করতে বলা হয়েছে।

অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বা বার্তার ক্ষেত্রে সতর্ক থাকতে এবং প্রতারণা ও ফিশিং থেকে সাবধান থাকার কথাও বলা হয়েছে। কোনো ছবি বা ভিডিও শেয়ার করার আগে তথ্যের সত্যতা যাচাই করতে এবং সন্দেহজনক বা উসকানিমূলক অনলাইন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে।

যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে

নির্দেশনায় সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংক্রান্ত পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য কিংবা প্রচার না করার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি গুজব, মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচার থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

ইসরায়েল-ফিলিস্তিন, ইরান-ইসরায়েলসহ আন্তর্জাতিক সংঘাত নিয়ে মালয়েশিয়ার স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে—এমন উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার বা প্রচার না করার নির্দেশনা দেয়া হয়েছে। কর্মরত দেশে নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারেও অংশ না নিতে বলা হয়েছে।

এছাড়া যথাযথ যাচাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন মাধ্যমে অনুদান না দেয়া এবং কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা বা নিরাপত্তা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ স্থানের ছবি বা ভিডিও ধারণ ও প্রকাশ না করারও পরামর্শ দেয়া হয়েছে।

প্রবাসীদের নিজেদের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক তথ্যসহ ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার জন্যও সতর্ক করা হয়েছে। ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ উসকে দিতে পারে—এমন পোস্ট, মন্তব্য বা বিতর্কে অংশ না নেয়ার আহ্বান জানানো হয়েছে।

এর বাইরে ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন, সন্দেহজনক বিনিয়োগ বা ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রচারণা থেকেও দূরে থাকার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডকে সমর্থন বা প্রশংসা করে পোস্ট, মন্তব্য কিংবা প্রতিক্রিয়া না দেয়ার নির্দেশনাও রয়েছে।

Source: Google News - Bangladeshi Probashi Bangla